খসড়া ভোটার তালিকার ভুল সংশোধনে মাঠে ইসির ১৩৬ কর্মকর্তা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৯:০৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকার ভুল-ত্রুটি সংশোধনে মাঠে নামছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ৬৫টি সংশোধনকারী কর্তৃপক্ষ গঠন করেছে সংস্থাটি। এসব কার্যক্রমে দায়িত্ব পালন করবেন মোট ১৩৬ জন কর্মকর্তা।
সোমবার (১৩ অক্টোবর) ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ২০০৭ সালের ৩১ অক্টোবর তারিখকে ভোটার হওয়ার যোগ্যতা অর্জনের দিন হিসেবে ধরা হয়েছে। আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যে দাবি-আপত্তি সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য এসব সংশোধনকারী কর্তৃপক্ষ (Revising Authority) নিয়োগ দেওয়া হয়েছে।
ইসি সূত্র জানায়, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণের শেষ দিন ১৬ নভেম্বর। পরদিন ১৭ নভেম্বর এসব আবেদন নিষ্পত্তি হবে। আর ১৮ নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪ হাজার ৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

