Logo

জাতীয়

বৈশ্বিক অর্থনৈতিক সংস্কারে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাব

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২০:২১

বৈশ্বিক অর্থনৈতিক সংস্কারে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাব

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্ব খাদ্য ও অর্থনৈতিক ব্যবস্থার পূর্ণ সংস্কারের আহ্বান জানিয়েছেন। তিনি ক্ষুধামুক্ত বিশ্ব গঠনের জন্য ছয় দফা প্রস্তাব উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, “ক্ষুধা কোনো অভাবের কারণে নয়, এটি আমাদের তৈরি করা অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতা। আমাদের এই ব্যবস্থা বদলাতে হবে।”

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরাম (ডব্লিউএফএফ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। 

অধ্যাপক ইউনূসের ছয় দফা প্রস্তাবের মধ্যে রয়েছে 
১. যুদ্ধ বন্ধ করা, সংলাপ শুরু করা এবং সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করা।

২. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জলবায়ু সংকট মোকাবিলায় পদক্ষেপ নেওয়া এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তা করা।

৩. আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন করে খাদ্য সরবরাহ চেইন স্থিতিশীল রাখা।

৪. তরুণ কৃষি উদ্যোক্তা ও স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়ন ও সহায়তা প্রদান।

৫. রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাণিজ্যনীতিকে খাদ্য নিরাপত্তার সহায়ক হিসেবে ব্যবহার করা।

৬. প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করা, বিশেষ করে গ্লোবাল সাউথের তরুণ কৃষক ও উদ্যোক্তাদের জন্য।

তিনি বলেন, ‘২০২৪ সালে ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল, অথচ আমরা যথেষ্ট খাদ্য উৎপাদন করেছি। এটি উৎপাদনের ব্যর্থতা নয়, এটি অর্থনৈতিক ও নৈতিক ব্যর্থতা।’

তিনি অস্ত্র খাতে ব্যয় হওয়া ২.৭ ট্রিলিয়ন ডলার উদাহরণ হিসেবে তুলে ধরে জানান, খাদ্য নিরাপত্তায় বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থের অভাব আমাদের আর্থিক ব্যবস্থার ব্যর্থতার প্রমাণ।

অধ্যাপক ইউনূস সামাজিক ব্যবসা ও তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘তরুণদের চাকরি খুঁজতে বলবেন না, বরং চাকরি তৈরি করার ক্ষমতা দিন। সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের সমস্যার সমাধান সম্ভব।’

তিনি বাংলাদেশের গ্রামীণ ব্যাংক ও অন্যান্য সামাজিক উদ্যোগের সফলতার উদাহরণ উল্লেখ করে বলেন, এটি বিশ্বব্যাপী প্রয়োগযোগ্য।

তিনি আরও বলেন, বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে বৈশ্বিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এফএও ও জি-২০-এর সঙ্গে মিলিতভাবে প্রযুক্তিগত, আর্থিক ও নৈতিক সহায়তা প্রদান করবে।

অধ্যাপক ইউনূসের মতে, তরুণ, নারী, কৃষক ও উদ্যোক্তাদের সহায়তায় একটি ‘তিন-শূন্য বিশ্ব’ গঠন সম্ভব— শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ।

তিনি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, ধান ও সবজি উৎপাদন, জলবায়ু সহনশীল ফসল, খাদ্য বিতরণ ব্যবস্থা, অপুষ্টি হ্রাস এবং কৃষিতে ভর্তুকি ও প্রযুক্তি ব্যবহারের অর্জিত সাফল্য তুলে ধরেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস এই মেসেজ দিয়েছেন যে, বিশ্ব খাদ্য নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠায় তরুণদের অংশগ্রহণ, সামাজিক ব্যবসা ও প্রযুক্তি উদ্ভাবনের সমন্বয় অপরিহার্য।

এমএইচএস 


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন