স্বচ্ছতা ও আস্থা বাড়াতে প্রচারে জোর দিচ্ছে নির্বাচন কমিশন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৪:৫৮
আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এবং জনগণের আস্থা বাড়াতে প্রচারে জোর দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন বলছে, জনমনে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা তৈরির লক্ষ্যে এখন থেকে নিয়মিতভাবে তাদের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এ লক্ষ্য বাস্তবায়নে নির্বাচন কমিশন সচিবালয়ের সব শাখা ও অধিশাখাকে নিয়মিতভাবে তাদের কার্যক্রম প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য প্রতি সপ্তাহে প্রচারযোগ্য তথ্য পাঠানো এবং নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইসির পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, কমিশনের বিভিন্ন শাখা কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্বাচন ও জনগণকে সেবা প্রদানে নানা কার্যক্রম পরিচালনা করছে। তবে এসব কার্যক্রম সম্পর্কে সাধারণ জনগণ যথেষ্ট তথ্য পাচ্ছে না। ফলে কমিশনের কাজের বিষয়ে স্বচ্ছ ধারণা তৈরি হচ্ছে না।
চিঠিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিভিন্ন সংস্থা ইসির ওয়েবসাইট নিয়মিতভাবে পরিদর্শন করে। তাই তাদের কাছে সঠিক, হালনাগাদ ও সহজবোধ্য তথ্য পৌঁছে দিতে হবে।
নির্বাচনের আগে ও চলমান কর্মকাণ্ড সম্পর্কে জনগণ ও অংশীজনদের কাছে ধারাবাহিকভাবে তথ্য উপস্থাপন করাকে জরুরি উল্লেখ করে চিঠিতে বলা হয়, কমিশন কর্তৃপক্ষ নিয়মিত মৌখিক সংবাদ ও প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।
প্রতিটি শাখা ও অধিশাখাকে প্রতি বুধবার সকাল ১১টার মধ্যে প্রচারযোগ্য তথ্য (হার্ড ও সফট কপি) জনসংযোগ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাৎক্ষণিক প্রচারযোগ্য তথ্য থাকলে তা দ্রুত পাঠাতে বলা হয়েছে।
এদিকে, কমিশন জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
এসআইবি/এমবি

