জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৭:০২
ছবি : সংগৃহীত
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ও বাস্তবায়ন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার করবে।
বৈঠকের আগে কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করবেন।
এর আগে ৬টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাবের ভিত্তিতে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ, যা আগামী শুক্রবার (১৭ অক্টোবর) স্বাক্ষর হওয়ার কথা। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সনদের চূড়ান্ত অনুলিপি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলেও বাস্তবায়নের উপায় নিয়ে তারা এখনো ঐকমত্য হয়নি।
কমিশন সূত্র জানায়, সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হলেও ভোটের তারিখ ও পদ্ধতি নিয়ে মত-ভিন্নতা রয়ে গেছে। কিছু দল সনদে সইয়ের আগে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে নিশ্চয়তা চাচ্ছে।
এদিকে মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিশনের সঙ্গে বৈঠকে জানায়, ‘সংবিধান আদেশ’ জারি ছাড়া তারা সনদে সই করবে না। অপরদিকে, সনদের বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ না থাকায় জামায়াতে ইসলামী সই করবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বামপন্থী কয়েকটি দলও সই থেকে বিরত থাকতে পারে।
এছাড়া বিএনপি জুলাই সনদের অঙ্গীকার অংশে নতুন একটি ধারা যুক্ত করার প্রস্তাব দিলেও তা কমিশন গ্রহণ করেনি।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আজ (বুধবার) সন্ধ্যার বৈঠকে রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত মতামত শোনা হবে। এর আগে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করব।’
এসআইবি/এএ

