Logo

জাতীয়

এআই ও ভুল তথ্য রোধে ইসির পদক্ষেপ জানতে চাইল অস্ট্রেলিয়া

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৭:১৮

এআই ও ভুল তথ্য রোধে ইসির পদক্ষেপ জানতে চাইল অস্ট্রেলিয়া

ছবি : বাংলাদেশের খবর

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ও ভুল তথ্য রোধে নির্বাচন কমিশন (ইসি) কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছেন বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন, বহু-সংস্কৃতিবিষয়ক ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক মন্ত্রী ড. অ্যান অ্যালি। 

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় এআই এর অপব্যবহার ও ভুল তথ্য রোধে ইসির পদক্ষেপের বিষয়ে জানতে জানতে চান অস্ট্রেলিয়ার এ মন্ত্রী।

সাক্ষাৎ শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। অস্ট্রেলিয়ান মন্ত্রী জানতে চেয়েছেন আমাদের নির্বাচনী প্রস্তুতি কতদূর, আমরা কীভাবে কাজ করছি এবং তাদের দেশের অভিজ্ঞতার সঙ্গে আমাদের বাস্তবতা কতটা মিলছে।’

তিনি আরও বলেন, ‘আলোচনায় প্রযুক্তির অপব্যবহার, এআই, ভুল তথ্য ও তথ্যের অপপ্রয়োগের বিষয়টি এসেছে। আমরা বলেছি—এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়াতেও একই ধরনের সমস্যা রয়েছে। আমরা মিসইনফরমেশন ও এআই-নির্ভর অপপ্রচারের বিরুদ্ধে কাজ করছি, আমাদের সেই পদক্ষেপগুলোও অ্যান অ্যালিকে জানিয়েছি।’

ইসি সচিব জানান, আলোচনায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) স্পন্সর করা ‘ব্যালট’ প্রকল্পের কথাও উঠে এসেছে। এই প্রকল্পে অস্ট্রেলিয়া সহযোগিতা করছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে আরও সহায়তা বিবেচনা করবে।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন