প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। তিনি আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে যোগ দেবেন বলে পরিকল্পনা ছিল। তবে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই সনদ বাস্তবায়ন ও আগামী নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির কারণে তার সফর আপাতত বাতিল করা হয়েছে।
ড. ইউনূসের পরিবর্তে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছিলেন। এরপর থেকেই রিয়াদ সফরের প্রস্তুতি চলছিল।
এফআইআই সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসেবে ধরা হয়, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকেরা অংশ নেন। ড. লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল এবারও সম্মেলনে অংশ নিয়ে দেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবে।
এমএইচএস

