সরকারের ৩১ বিভাগের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সরকারের ৩১টি বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ অক্টোবর) ইসি থেকে জারি করা চিঠিতে জানানো হয়েছে, নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ প্রাক-প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অন্য কমিশনাররাও উপস্থিত থাকবেন।
বৈঠকে অংশ নিতে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র, অর্থ, স্বাস্থ্য, আইন, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, শিক্ষা, ডাক ও টেলিযোগাযোগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তাদের।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে ইসির। এর আগে ২২ অক্টোবর সরকারের সাত বিভাগের প্রতিনিধিদের সঙ্গে এবং ২০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেছে কমিশন।
এসআইবি/এমবি

