নতুন রাজনৈতিক প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ প্রতীকটি আনুষ্ঠানিকভাবে যুক্ত করেছে ইসি।
দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীককে তাদের দলের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছিল। কয়েক দফা নির্বাচন কমিশনের সঙ্গে শাপলা প্রতীক পেতে বৈঠক করেছিল এনসিপি।
এছাড়া দলটির পক্ষ থেকে বারবার বলা হয়, ‘শাপলা’ না দিলে তারা নিবন্ধন নেবে না। এমন পরিস্থিতিতে নতুন করে ‘শাপলা কলি’ প্রতীকটি প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করা হলো।
বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এস.আর.ও. নং ৪৩১-আইন/২০২৫ অনুযায়ী, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর সংশোধনের মাধ্যমে প্রতীক তালিকায় নতুন সংযোজন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করে প্রার্থীদের জন্য প্রাপ্য প্রতীক তালিকা হালনাগাদ করা হয়েছে। এ তালিকায় ১ নম্বর থেকে ১১৯ নম্বর পর্যন্ত ১১৯টি প্রতীক অন্তর্ভুক্ত রয়েছে।
এর মধ্যে নতুন সংযোজন হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত হয়েছে ১০২ নম্বরে, যা এবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলসমূহকে বরাদ্দ দেওয়া যাবে।
এসআইবি/এমবি

