নির্বাচন নিয়ে ৩ বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ২১:৪০
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য তিন বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর কঠোর পরিশ্রমের জন্য বাহিনী প্রধানদের সাধুবাদ জানান। তিনি বলেন, ‘গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, এজন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বৈঠকে তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী প্রস্তুতির বিষয়ে অবহিত করেছেন। আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনা, আড়াই হাজার নৌবাহিনী সদস্য এবং নির্বাচিত কিছু বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা দায়িত্ব পালন করবে।
এছাড়া আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান।
বৈঠকে নির্বাচনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে তিন বাহিনী প্রধানের প্রস্তুতি ও দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এমএইচএস

