Logo

জাতীয়

চলতি সপ্তাহে চূড়ান্ত হবে নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার তালিকা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১১:২৯

চলতি সপ্তাহে চূড়ান্ত হবে নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার তালিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহেই চূড়ান্ত হবে দেশীয় নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। নির্বাচন কমিশনের (ইসি) সূত্র জানিয়েছে, সংস্থাগুলোর যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। এখন কমিশনের আনুষ্ঠানিক অনুমোদনের পরই তালিকা প্রকাশ করা হবে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, নিবন্ধনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ৩১৮টি সংস্থা আবেদন করেছে। পরবর্তীতে আরও ১৩টি সংস্থা আবেদন জমা দেয়। আইন শাখার যুগ্ম সচিবকে আহ্বায়ক করে গঠিত ১০ সদস্যের যাচাই-বাছাই কমিটি সব আবেদন পর্যালোচনা শেষে ৭৩টি সংস্থাকে নিবন্ধনের উপযুক্ত মনে করেছে।

ইসি সূত্র বলছে, এসব সংস্থার বিরুদ্ধে আপত্তি জানাতে ২০ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। তবে সময়সীমার মধ্যে কোনো আপত্তি না আসায় নিবন্ধন প্রক্রিয়া প্রায় শেষের পথে। যদিও কিছু গণমাধ্যমের প্রতিবেদন কমিশন বিবেচনায় নিয়েছে, যার ভিত্তিতে কয়েকটি সংস্থা বাদ পড়তে পারে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা গণমাধ্যমের প্রতিবেদনও বিবেচনায় নিচ্ছি। খুব শিগগিরই কমিশন নিবন্ধন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

এর আগে ২০২৩ সালে কাজী হাবিবুল আউয়াল কমিশন ৯৬টি সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দিয়েছিল। তবে বর্তমান কমিশন নতুন নীতিমালা প্রণয়ন করে পুরোনো নিবন্ধন বাতিল করে পুনরায় আবেদন আহ্বান করে।

২০০৮ সালে ড. এ.টি.এম. শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন প্রথমবারের মতো দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ব্যবস্থা চালু করে।

ইসি সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে। এ লক্ষ্যে প্রস্তুতির অংশ হিসেবেই চলছে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রম।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন