Logo

জাতীয়

দুর্নীতি রোধে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার অভিনব উদ্যোগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৭:৪৫

দুর্নীতি রোধে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার অভিনব উদ্যোগ

নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া অফিসে ফাইল চলাচল ও সময়নিষ্ঠা নিশ্চিত করতে একটি অভিনব পদ্ধতি চালু করেছেন। এই উদ্যোগের ফলে অফিসে অনিয়ম ও দুর্নীতি কমে এসেছে বলে দপ্তর সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, নতুন পদ্ধতিতে প্রতিটি ফাইলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, পদবী ও সময় উল্লেখ থাকে। কোন কর্মকর্তা কতক্ষণ ফাইল বিলম্ব করে স্বাক্ষর করেছেন এবং বিলম্বের কারণ কী— এসব তথ্যও স্পষ্টভাবে উল্লেখ থাকে। এতে করে কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো ফাইল স্বাক্ষর করে দিচ্ছেন, অযথা ফেলে রাখছেন না। ফলে অফিসের অধিকাংশ ফাইলিংয়ের কাজ দিনেই শেষ হচ্ছে, প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন হচ্ছে এবং সেবা প্রার্থীরা দুর্ভোগ ও হয়রানি থেকে রক্ষা পাচ্ছেন।

আগে যেখানে ফাইল দিনের পর দিন পড়ে থাকত, এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সেবা নিতে আসা সবাই এই পরিবর্তনে সন্তুষ্ট। এলজিইডির এই উদ্যোগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া উন্নয়নমূলক কর্মকাণ্ডও ত্বরান্বিত হচ্ছে বলে দপ্তর সূত্রে জানা যায়।

এলজিইডি ঢাকা জেলার বাস্তবায়নে সাম্প্রতিক সময়ে একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকার দুই সিটিতে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ শেষ হয়েছে। ছয়তলা দৃষ্টিনন্দন এই ভবনগুলোর উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের উপস্থিতিতে সম্পন্ন করে স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া জানান, আগামী তিন মাসের মধ্যে আরও ২২টি বিদ্যালয়ের কাজ শেষ করে উদ্বোধন করা হবে। এতে শত শত কোমলমতি শিক্ষার্থী নতুন পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। এর ফলে প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।

এলজিইডি সূত্র অনুযায়ী, ২০২৭ সালের মধ্যেই ঢাকা জেলায় মোট ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ে একই ধাঁচের ভবন নির্মাণ সম্পন্ন হবে। এছাড়া টঙ্গী–আশুলিয়া অঞ্চলের কামারপাড়া প্রত্যাশা ব্রিজ ও নবাবগঞ্জের বান্দুরা ব্রিজের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। স্থানীয়রা জানান, ব্রিজ দুটি বাস্তবে চালু হলে তাদের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি কমে যাবে। ধামরাই–সোয়াপুর ডিসি থেকে সাভার বাজার পর্যন্ত ১৫.৭ কিলোমিটার সড়ক, যা দীর্ঘদিন খানাখন্দে ভরা ছিল, সেটিও এখন পাকা করা হয়েছে। এতে সাধারণ মানুষের যাত্রা আরও সহজ ও নিরাপদ হয়েছে বলে দাবি করা হয়েছে।

ঢাকা জেলার গুরুত্ব বিবেচনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা ও সচিবের ঐকান্তিক প্রচেষ্টায় ছোট-বড় বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে এলজিইডি ঢাকা জেলা কার্যালয়।

রাজনৈতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতা প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘ছাত্রজীবনে রাজনৈতিক মতাদর্শের কারণে তিনি একাধিকবার অন্যায়ভাবে বিভাগীয় মামলা, ডাম্পিং পোস্টিং এবং ওএসডি হওয়ার মতো হয়রানির শিকার হয়েছেন।’ 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময় বিভিন্ন হয়রানির শিকার হলেও দমে যাইনি। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমান দায়িত্বে আছি। কর্তৃপক্ষ যতদিন চাইবে, ততদিন আপসহীনভাবে দায়িত্ব পালন করে যাব। কোনো চাপের কাছে নতিস্বীকার করব না।’

তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার পর কিছু লাইসেন্সবিহীন ঠিকাদার অনৈতিকভাবে কাজ নেওয়ার প্রস্তাব দেন। তিনি তা প্রত্যাখ্যান করায় কয়েকজন ভূয়া ঠিকাদার ও ফ্যাসিস্ট গোষ্ঠী তাঁর বিরুদ্ধে অপসারণের ষড়যন্ত্র করছে।

‘আমি দমে যাওয়ার পাত্র নই’, বলেন বাচ্চু মিয়া। ‘ষড়যন্ত্র উপেক্ষা করে সততা নিয়ে কাজ চালিয়ে যাব। আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তবে জনগণের প্রত্যাশা পূরণের দায়বদ্ধতায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আসিফ স্যারের নির্দেশনা ও দৃঢ় নেতৃত্বে দুর্নীতি নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ।’

এমডিএ/টিএইচএম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন