সিইসি
দেশ সংকটময় মুহূর্তে, সুষ্ঠু নির্বাচনই নির্ধারণ করবে দেশের পথ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:৪৩
বাংলাদেশ এখন সংকটময় এক মুহূর্তে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশ গণতন্ত্রের পথে কীভাবে এগোবে, তা নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচনের ওপর। আর ভোটের দায়িত্বে নিয়োজিতদের ভূমিকার ওপরও নির্ভর করছে দেশের ভবিষ্যৎ গতিপথ।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীতে জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করে সিইসি বলেন, ‘রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনোই একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়।’
নাসির উদ্দীন জানান, আসন্ন নির্বাচনী কার্যক্রমে প্রায় ১০ লাখ মানুষ সম্পৃক্ত থাকবেন। কারাবন্দী ও প্রবাসী ভোটারদের জন্য এবার বিশেষ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি।
আনসার বাহিনীর ভূমিকা প্রসঙ্গে সিইসি বলেন, সংখ্যার দিক দিয়ে এটিই সর্ববৃহৎ বাহিনী। গতানুগতিক ধারায় কাজ করলে চলবে না, এর বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে হবে।
এআইয়ের অপব্যবহার নিয়ে সতর্ক করে নাসির উদ্দীন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নির্বাচনে বিভ্রান্তি বা দুর্ঘটনা ঘটতে পারে। সামাজিক মাধ্যমের অপব্যবহার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাই যাচাই-বাছাই করুন, সজাগ থাকুন।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, আসন্ন সংসদ নির্বাচনে প্রায় পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে।
তিনি বলেন, নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় আনসার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এক লাখ ৪৫ হাজার নতুন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা ডিসেম্বর পর্যন্ত চলবে।
মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ আরও বলেন, নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে। শুধু নির্বাচনী কার্যক্রমে নয়, প্রচারণামূলক কাজেও আনসার বাহিনী পাশে থাকবে।
এসআইবি/এমবি

