গণভোট প্রশ্নে দলগুলোকে ৭ দিন সময় দিল সরকার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৩:১০
রাজনৈতিক দলগুলোকে প্রস্তাবিত গণভোটের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে ‘ঐক্যবদ্ধ নির্দেশনা’ দেওয়ার জন্য এক সপ্তাহের সময়সীমা বেধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। ‘দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকার সরকারের মতো অ্যাক্ট করবে’ বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ১০টার দিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজনের বিষয়ের সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আসিফ নজরুল।
সরকার কোনো আলোচনার উদ্যোগ নেবে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘সরকার আয়োজন করে অনেক আলোচনা করেছে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো গত ১৫ বছর নিজেরা আলোচনা করে অনেক সিদ্ধান্ত নিয়েছেন। অনেক প্রতিকূল সময়ে তারা একসাথে কাজ করেছেন। এখন তারা নিজেরা আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দিলে সরকারের জন্য কাজটা সহজ হয়।

আসিফ নজরুল জানান, বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে সুযোগ নেই, তাও বিবেচনায় রাখা প্রয়োজন বলে সরকার মনে করে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘আমরা ওনাদের সময় দিতে চাই। যেসব বিষয় বললাম সেগুলো আলোচনা করে একমত হতে পারে কি না দেখি। আমরা অপেক্ষা করব। এরপর সরকার সরকারের মতো অ্যাক্ট করবে।’
আসিফ নজরুল আরও বলেন, দলগুলোর ঐক্যবদ্ধ নির্দেশনা পাওয়ার পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম।
ডিআর/এমবি

