মাঠ পর্যায়ে ৩৫ কার্যালয়ের জন্য ভূমি চেয়েছে ইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৬:৫৮
মাঠ পর্যায়ের ৩৫টি নির্বাচন অফিস ভবন নির্মাণের জন্য ভূমি বরাদ্দ চেয়ে দেশের ২৪ জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৩ নভেম্বর) ইসির গবেষণা ও প্রকাশনা শাখার উপপ্রধান (উপসচিব) মুহাম্মদ মোস্তফা হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচনী ডাটাবেজের জন্য উপজেলা/থানা, জেলা ও আঞ্চলিক সার্ভার স্টেশন নির্মাণ এবং জেলা সার্ভার স্টেশন ভবন উর্ধ্বমুখী সম্প্রসারণ’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভায় ভূমি বরাদ্দ প্রাপ্তির পর প্রকল্প অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় নির্বাচন, ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য নতুন নির্বাচন অফিস ভবন নির্মাণ এখন অত্যাবশ্যক।
এই প্রেক্ষিতে ১টি আঞ্চলিক নির্বাচন অফিস, ২টি জেলা নির্বাচন অফিস এবং ৩২টি উপজেলা নির্বাচন অফিস ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি বরাদ্দ দিতে বলা হয়েছে। এছাড়া দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সিনিয়র সচিব বরাবর প্রতিবেদন পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে চিঠিতে।
যে ২৪ জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে
ঢাকা, গাজীপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, দিনাজপুর, বরগুনা, মেহেরপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ।
যে অফিসের জন্য যত ভূমি চেয়েছে ইসি
- ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিস : ন্যূনতম ২৫ শতাংশ ভূমি
- গাজীপুর ও মাদারীপুর জেলা নির্বাচন অফিস : ন্যূনতম ২০ শতাংশ ভূমি
- ৩২টি উপজেলা নির্বাচন অফিস : প্রতিটির জন্য ন্যূনতম ১০ শতাংশ ভূমি
৩২টি উপজেলা
লৌহজং, গাজীপুর সদর, সালথা, ডাসারা, কালুখালী, শাহজানপুর, নলতাংগা, চৌহালী, বিরল, তালতলী, মুজিবনগর, কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই, তিতাস, আশুগঞ্জ, বিজয়নগর, হাইমচর, মতলব উত্তর, কমলনগর, বেগমগঞ্জ, সোবাইমুড়ি, সুবর্ণচর, কর্ণফুলি, সন্দ্বীপ, কক্সবাজার ঈদগাঁও, গুইমারা, দক্ষিণ সুরমা, শায়েস্তাগঞ্জ, জুড়ী, শান্তিগঞ্জ, দিরাই ও মধ্যনগর।
এসআইবি/এমএইচএস

