মাঠ কর্মকর্তাদের প্রাক-নির্বাচনী প্রস্তুতি সভার নির্দেশ ইসির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৭:৩৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাক-প্রস্তুতি সভা আয়োজনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সভাগুলো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/ জেলা নির্বাচন অফিসারদের আওতাধীন কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের ৩১টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে প্রাক-প্রস্তুতি সভা করেছে। এরই ধারাবাহিকতায় এবার মাঠ প্রশাসন পর্যায়ে এই সভা আয়োজনের নির্দেশ দেওয়া হলো।
ইসি সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে কমিশন।
এসআইবি/এমএইচএস

