বায়ুদূষণের দিক থেকে আবারও বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (১০ নভেম্বর) সকাল ৮টার পরিসংখ্যান অনুযায়ী, ঢাকার বায়ুর মান সূচক (AQI) রেকর্ড হয়েছে ২৫৮। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার বায়ুদূষণে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার স্কোর ৬৪৯। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ৩৫৬)। তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা (স্কোর ২৫৮)। চতুর্থ স্থানে ভারতের কলকাতা (স্কোর ২২৪) এবং পঞ্চম স্থানে বসনিয়ার সারাজেভো (স্কোর ১৮৪)।
আইকিউএয়ার জানায়, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তা তাৎক্ষণিকভাবে পরিমাপ করে এ সূচক প্রকাশ করা হয়। তাদের মানদণ্ড অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে সেটি ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
এমবি

