Logo

জাতীয়

গণতন্ত্র সুরক্ষায় নির্ভিক সাংবাদিকতা গুরুত্বপূর্ণ : রেজওয়ানা হাসান

দেশ টিভি-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১৫:৪৫

অ
গণতন্ত্র সুরক্ষায় নির্ভিক সাংবাদিকতা গুরুত্বপূর্ণ : রেজওয়ানা হাসান

বক্তব্য রাখছেন সৈয়দা রিজওয়ানা হাসান | ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণতন্ত্র ও পরিবেশ সুরক্ষায় নিরপেক্ষ ও নির্ভিক সাংবাদিকতা অপরিহার্য। 

শুক্রবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে ‘দেশ টিভি-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, নির্ভরযোগ্য সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যম কমিশন গঠন করা হয়েছে, যাতে সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করতে পারেন এবং জনগণ উপকৃত হয়।

তিনি বলেন, সাংবাদিকদের সারাদেশের খবর তুলে আনতে হবে। পরিবেশ বিষয়ক গভীর ও জাতীয় পর্যায়ের সাংবাদিকতা গুরুত্বপূর্ণ। জনস্বার্থের ইস্যুকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করা জরুরি।

রিজওয়ানা হাসান আরও বলেন, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করে। সাহসী ও নিরপেক্ষ রিপোর্টিং দেশকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ডিআরইউ সভাপতি শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পুরস্কার বিজয়ীদের মধ্যে প্রিন্ট, অনলাইন, টেলিভিশন ও রেডিও মাধ্যমের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রিন্ট মিডিয়া, অনলাইন, টেলিভিশন, রেডিও সবার জন্য উন্মুক্ত ক্যটাগ্যারিতে বিজয়ী আবু সালেহ রনি, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার মাহমুদুল হাসান (নয়ন), দ্বিতীয় পুরস্কার আহসান হাবীব রাসেল, তৃতীয় পুরস্কার (যুগ্মভাবে) জসীম উদ্দিন হারুন ও ফারহান ফেরদৌস। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান মুহাম্মদ আরাফাতুল মোমেন আদিত্য আরাফাত, দ্বিতীয় পুরস্কার মাসুদ মোস্তাহিদ ও তৃতীয় পুরস্কার পারভেজ নাদির রেজা।

অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার বিজয়ী ইয়াসির আরাফাত রিপন, দ্বিতীয় পুরস্কার মো. জোবায়ের হোসেন (আরাফাত জোবায়ের) ও তৃতীয় পুরস্কার মো. তৌহিদুজ্জামান তন্ময়।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন