নির্বাচন কমিশন গঠন
তালিকায় ৫ শতাধিক নাম, আলোচনায় যারা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৪২
নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত
বর্তমানে শূন্য রয়েছে নির্বাচন কমিশন। প্রক্রিয়া চলছে নতুন কমিশন গঠনের। তবে কে হবেন চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার? দেশজুড়ে চলেছে আলোচনা। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনও সরগরম।
তবে নতুন সিইসি ও নির্বাচন কমিশনারদের নাম জানতে আরও অপেক্ষা করতে হবে দেশবাসীকে। নতুন ইসি নিয়োগে সার্চ কমিটির কাছে ৫ শতাধিক নাম এসেছে। মন্ত্রিপরিষদ বিভাগ এসব নামের তালিকা তৈরি করছে। ২১ নভেম্বরের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
বিএনপিসহ ১৭টি দল ও জোট, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকেই নাম জমা দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগে। অন্যদিকে সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে ৫ শতাধিক নাম মন্ত্রিপরিষদ বিভাগে জমা পড়লেও আলোচনায় রয়েছে দুই ডজন নাম। বিভিন্ন রাজনৈতিক দল ঘুরেফিরে একই ব্যক্তির নাম দিয়েছে।
আলোচনায় রয়েছেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন-সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক নির্বাচন কমিশনার এস এম জাকারিয়া, সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন, শফিকুল ইসলাম, আবু আলম শহীদ খান, মহিবুল হক, শহিদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সেনা কর্মকর্তা নাজিম উদ্দিন, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতিদার আহমেদ, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও রুহুল আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন; সাবেক যুগ্মসচিব তাহমিদা আহমেদ, ড. এ ওয়াই এম একরামুল হক, মুনির চৌধুরী এবং সাবেক যুগ্মসচিব আরিফুর রহমান; সাবেক আমলা শামীমা আহমেদ, মঞ্জুর কাদির, শাহনাজ বানু এবং সাবেক জেলা জজ শামীম আহমেদ ও এস এম নুরুজ্জামান।
চলতি নভেম্বরের মধ্যেই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন ইসি গঠনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
ডিআর/এমআই

