আমাদের প্রকল্পের ব্যয় ভারতের চেয়ে বেশি : রেল উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৬
আমাদের প্রকল্পের ব্যয় ভারতের চেয়ে বেশি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় কমলাপুর রেলস্টেশনে নতুন দুই জোড়া ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘রেলের যে অবস্থা, এ অবস্থায় আসার একটি বড় কারণ হচ্ছে অপব্যয়। আমাদের যেকোনো প্রকল্পের ব্যয় ভারত কিংবা আশপাশের দেশের তুলনায় অনেক বেশি। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি। যত্রতত্র রেললাইনের বিস্তার করা হয়েছে। কিন্তু লোকোমোটিভ আছে কিনা, জনবল আছে কিনা সেগুলোর ব্যবস্থা না করেই এগুলোর বিস্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সবাই বাড়ির পাশে ট্রেন স্টেশন চায়। সবাই আশা করেন যে, রেলগাড়িটি তাদের বাড়ির পাশে থামবে। আবার তারা এটাও চান যে দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছাবেন। এটা সম্ভব না।’
তিনি বলেন, ‘আপনি যতই স্টপেজের সংখ্যা বাড়াবেন যাতায়াতের সময় বাড়বে। আপনি অন্য একটা যানবাহনে রেলস্টেশনে যাবেন। এটা একটা সেকেন্ডারি ট্রান্সপোর্টেশন। যেখানে যাত্রী বেশি হবে, রাজস্ব বেশি পাওয়া যাবে, সেখানেই গাড়ি থামবে।’
রেলের নানান সংকটের কথা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা অনেকেই অসন্তোষ ব্যক্ত করে থাকেন, কিন্তু আপনাদের জানতে হবে, রেল কেন আপনাদের প্রকৃত সুবিধা দিতে পারে না। আমাদের লোকোমেটিভের সংকট আছে, কোচের সংকট আছে, ওয়াগন ও লোকবলের সংকট আছে।’
উপদেষ্টা বলেন, ‘সবার প্রতি অনুরোধ জানাবো, কীভাবে রেলের খরচ কমানো যায়, সে চেষ্টা করবেন। ব্যয় যদি কমানো যায়, তাহলে রেল সেবার যে প্রত্যাশা সেটি আমরা পূরণ করতে পারব।’
ডিআর/এমজে

