কাগজে-কলমে নয়, সংস্কার চর্চা করতে হবে : রিজওয়ানা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৪
কাগজে-কলমে নয়, সংস্কার চর্চা করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘প্রথাগত বিষয়গুলো একদিনে ভাঙা যাবে না। পরিবর্তনের দায়িত্ব শুধু সরকারের নয়, সবাইকেই নিতে হবে। রাজনৈতিক নেতাদের ভূমিকাটা সেখানে অনেক বড়। শুধু কাগজে-কলমে সংস্কার করলে হবে না, এটা চর্চা করতে হবে, যাতে মানুষ সুফল পায়।’
রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমরা যদি ছকে ফেলা রাজনীতিকে বদলানোর চেষ্টা করি, বৈষম্য ভাঙার কথা বলি, এই যাত্রা কোনো দিনও সহজ হবে না। খুবই কঠিন রাস্তার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। তার জন্য আমাদের ধৈর্য রাখতে হবে।’
কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয় জানিয়ে তিনি বলেন, ‘কতগুলো সংস্কারের প্রশ্নে আমাদের জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। তার জন্য প্রয়োজনে ছাড় দিতে হবে। হঠাৎ করে পরিবর্তিত হয়ে যাবে না, তবে বড় ধরনের পরিবর্তন তারুণ্যই আনতে পারবে।’
তিনি বলেন, ‘পরিবর্তন একটা প্রক্রিয়া, কেবল আইন করে গেলেই পরিবর্তন হবে না, প্রক্রিয়াটা চালু রাখতে হবে। এই প্রক্রিয়ায় তারুণ্য ও অভিজ্ঞতা দুটোরই ভূমিকা থাকা প্রয়োজন। সংস্কারের বিষয়ে ঐকমত্য থাকতে হবে।’
এ উপদেষ্টা বলেন, ‘কেবল নেতৃত্ব পরিবর্তন হয়ে গেলে সব পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত মানসিকতার পরিবর্তন না আসে। ক্ষমতার প্রয়োগে জবাবদিহি আনা, জনগণের অংশগ্রহণের সুযোগ করে দেওয়াটা কখনো করা হয়নি।’
ডিআর/এমজে

