রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৪:২৯
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (১০ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেন।
৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেয়। দীর্ঘদিন পর রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে রোববার বিকেল ৩টায় ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ বিক্ষোভ মিছিলের ডাক দেয় আওয়ামী লীগ।
পরে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আজ দুপুর ১২টায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’ শিরোনামে কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা। রাত থেকেই সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সেখানে অবস্থান নিতে শুরু করেছে বলে জানা গেছে।
এর প্রেক্ষিতে, শনিবার থেকেই রাজধানীতে সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। রাতভর নাশকতা সৃষ্টি করতে পারে সন্দেহভাজন অনেককে আটক করা হয়।
আরআর/ওএফ

