সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ২২:১১
ঐতিহ্য অনুসরণ করে এবারও সিলেটের হজরত শাহজালাল (রা.) ও শাহপরান (রা.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় বিশেষ সূত্রে জানা গেছে, আগামী ২২ জানুয়ারি সকালে তিনি ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। সেখানে পৌঁছে দুই পীরের মাজার জিয়ারত শেষে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভা শেষে ওই দিনই তিনি ঢাকায় ফিরে আসবেন। এর মধ্য দিয়েই দেশব্যাপী বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হবে।
বিএনপির রাজনৈতিক ইতিহাসে সিলেট থেকে প্রচারণা শুরুর এই ধারা দীর্ঘদিনের। ১৯৯১ সালে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথম সিলেটে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। সে নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করে। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনেও খালেদা জিয়া হজরত শাহজালাল (রা.)–এর মাজার জিয়ারত করে প্রচারণায় নেমেছিলেন।
দলীয় সূত্র জানায়, ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এবার এই ঐতিহ্যবাহী কর্মসূচির নেতৃত্ব দেবেন তারেক রহমান। যদিও তাকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কবে এবং কী প্রক্রিয়ায় তিনি চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন, সে বিষয়ে দলীয়ভাবে আলোচনা চলছে। আসন্ন নির্বাচনের সময়সূচির কারণে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিএনপির নীতিনির্ধারকেরা।
এসএসকে/

