কৃষি জমির মাটির উর্বর অংশ (টপ সয়েল) ফসল উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সেই উপকারী উর্বর অংশ কাটার মহোৎসব চলছে মাঠে মাঠে। নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়ন ও নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের কৃষকরা মাটির এই মূল্যবান অংশটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে। যার ফলে ফসল উৎপাদন হুমকির মুখে পড়েছে।
কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন, জমির উপরের ৮ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত মাটিই হলো টপ সয়েল। যা মূলত জমির জৈব শক্তি ধারণ করে ও ফসল উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে কৃষকেরা ওই উর্বর মাটি কম দামে বিক্রি করে দিচ্ছেন। যার ফলে ফসলি জমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে।
জানা গেছে, নওগাঁর মান্দা ও নিয়ামতপুর উপজেলায় ৪০টি ইটভাটা রয়েছে। ইট তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে মাটি। প্রতিবছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাস ধরে টপসয়েল কাটার এ মহোৎসব চলে। এ সময় ইটভাটাগুলোর জন্য মাটির চাহিদা বেড়ে যায়। কারণ আবাদি জমির মাটি ইট তৈরিতে অধিক মানের হয়ে থাকে। কিছু মাটি ব্যবসায়ী কৃষি জমির টপ সয়েল সংগ্রহ করে তা ইটভাটা মালিকদের কাছে বিক্রি করেন। যার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে।
এ প্রসঙ্গে কৃষি অধিদপ্তরের জেলা উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, কৃষি জমির টপ সয়েল বিক্রি করায় ফসল উৎপাদন ব্যাহত হবে। টপসয়েল বিক্রি না করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, টপ সয়েল কাটার খবর পেলে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে, যেন তারা তাদের জমির টপ সয়েল বিক্রি না করেন।
এম এ রাজ্জাক/এমবি

