সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন আজ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩
আবু সাঈদ খান। ছবি : সংগৃহীত
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন আজ (১ ফেব্রুয়ারি) রোববার। ১৯৫২ সালের এ দিনে তিনি ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভাগদী গ্রামে জন্মগ্রহণ করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে আবু সাঈদ খান দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই তার সাংবাদিকতায় হাতেখড়ি। সেই সময় মুজিবনগর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘উত্তাল পদ্মা’ পত্রিকাটি সম্পাদনা করতেন তিনি।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন; অংশ নিয়েছেন স্বায়ত্তশাসনের আন্দোলন ও উনসত্তরের গণঅভ্যুত্থানে। সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও। স্বাধীনতার পর তিনি বাম ধারার রাজনীতির সঙ্গে যুক্ত হন।
আবু সাঈদ খান পেশাদার সাংবাদিক হিসেবে দৈনিক মানবজমিন-এর সহকারী সম্পাদক, দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক ও উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি প্রতিদিনের সংবাদ ও দৈনিক আমাদের সময়ের সম্পাদক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি টেলিভিশন টকশোতেও তিনি একজন পরিচিত মুখ।
মুক্তিযুদ্ধ, সমাজ ও রাজনীতি নিয়ে আবু সাঈদ খানের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে— ‘ফিরে দেখা একাত্তর’, ‘সেনাছাউনিতে মুক্তিসংগ্রাম ও আগরতলা মামলা’, ‘মুক্তির সংগ্রামে ফরিদপুর’, ‘স্লোগানে স্লোগানে রাজনীতি’, ‘উপেক্ষিত মুক্তিযুদ্ধ উপেক্ষিত জনগণ’, ‘বোবা পাহাড়ের কান্না’ ইত্যাদি।
শিক্ষার প্রসারেও তিনি ভূমিকা রেখেছেন। নিজ গ্রামে বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় নামে একটি কলেজ এবং বিভাগদী রিজিয়া রশীদ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তিনি। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।
এমবি

