দেশে পৌঁছেছে প্রবাসীদের ১ লাখ ৫৭ হাজার পোস্টাল ব্যালট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভোট দিতে আগ্রহী প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ আগেই শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীরা পোস্টাল ব্যালট হাতে পেয়ে ভোট প্রদান সম্পন্ন করে ব্যালট বাংলাদেশে পাঠানো শুরু করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার ৭৯৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২০ হাজার ৫০১ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬১ হাজার ৬০৪ জন।
সালীম আহমাদ খান জানান, প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ১৫ হাজার ৭৬২টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৭৯৮টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন ভোটার। তাদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন।
গত ২৬ জানুয়ারি থেকে দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত ৫ লাখ ৮০ হাজার ৯৬৮টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
এসআইবি/এমবি

