প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪২
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : বাংলাদেশের খবর
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে। এ কারণে খাম খোলা এবং সঠিকভাবে ভোট গণনায় তুলনামূলকভাবে বেশি সময় লাগবে। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে কেবল প্রিজাইডিং অফিসার কলম সঙ্গে রাখবেন, অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা পেনসিল ব্যবহার করবেন।
তিনি জানান, ভোট চলাকালীন প্রতিটি আসনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশন বিশেষভাবে সতর্ক রয়েছে। ভোট কেনাবেচা বন্ধে একাধিক বৈঠক করা হয়েছে এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হবে।
নির্বাচন পরিচালনায় যুক্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ করা যাবে না। একই সঙ্গে অপতথ্য ও গুজব প্রতিরোধে সত্য ও সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
ইসি সানাউল্লাহ আরও বলেন, বৃদ্ধ, প্রতিবন্ধী ও আহত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোটে স্বচ্ছতা নিশ্চিত করতে সব জেলা ও ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
নির্বাচনের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, সততা ও নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে। বড় বা ছোট কোনো দলের সঙ্গে কোনো ধরনের বৈষম্য করা হবে না। নির্দেশনার পরও যদি কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যেখানে অনিয়ম হবে, সেখানে কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না।
বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাজী আরিফুর রহমান/এমএন

