‘কোনো নির্বাচনই শান্তিপূর্ণভাবে করা যায়নি’
পররাষ্ট্র উপদেষ্টা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৮
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, কোনো নির্বাচই শান্তিপূর্ণভাবে করা যায়নি। তিনি বলেন, বাংলাদেশের কোনো নির্বাচনই পুরোপুরি ঝামেলামুক্ত হয়নি। প্রতিটি নির্বাচনেই কোনো না কোনো ঘটনা ঘটেছে। তবে এবারের নির্বাচনে এখন পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৫৫ শতাংশ। তার ধারণা, এবার সেই হার আরও বাড়তে পারে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে— এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
নির্বাচনকালীন সহিংসতা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপগুলো বিদেশি কূটনীতিকদের অবহিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।
‘হ্যাঁ’ ভোট নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শুরুতে এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা ছিল। তবে জামায়াত ও এনসিপি আগেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। পরবর্তীতে বিএনপির চেয়ারম্যানও একই অবস্থান জানান। তার মতে, বড় দলগুলো যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রয়েছে, তখন জনগণের সমর্থন পাওয়াটা সহজ হবে।
নির্বাচনের পর প্রধান উপদেষ্টার সম্ভাব্য জাপান সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলেও জানান তিনি।
এসএসকে/

