কবে থেকে শুরু হবে রমজান?
যা জানালো জ্যোতির্বিদরা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৬
চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে কবে— বুধবার না বৃহস্পতিবার? এ নিয়ে জ্যোতির্বিদরা নানা মত জানিয়েছেন। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) জানাচ্ছে, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
আইএসি জানিয়েছে, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখার চেষ্টা জ্যোতির্বিদ্যাগতভাবে অসম্ভব। খালি চোখ বা আধুনিক জ্যোতির্বিদ্যাগত ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ শনাক্ত করা যাবে না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব চাঁদ-দর্শন মানদণ্ডে (যেমন ইবন তারিক, ফাদারিংহ্যাম, মন্ডার, ব্রুইন, মোহাম্মদ ইলিয়াস, দক্ষিণ আফ্রিকা জ্যোতির্বিদ্যা মানমন্দির, ইয়ালোপ ও ওদেহ পদ্ধতি) চাঁদ দেখা যাবে না। ফলে যেসব দেশ চাঁদ দেখার ভিত্তিতে চান্দ্র মাস শুরু করে, তারা বুধবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার রমজান শুরু করবে।
জ্যোতির্বিদরা ব্যাখ্যা করেছেন, মঙ্গলবার সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান এমন যে- অধিকাংশ অঞ্চলে সূর্যের আগেই বা প্রায় একই সময়ে চাঁদ অস্ত হয়ে যাবে। যেখানে সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ১–২ ডিগ্রি হবে, ড্যাঞ্জন সীমা অনুযায়ী চাঁদ দেখা সম্ভব নয়।
তবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর চাঁদ দেখা সম্ভাবনা অনেক বেশি থাকবে। আবুধাবিতে ৫৮ মিনিট, মক্কায় ৫৯ মিনিট, কায়রোতে ৬৪ মিনিট এবং মরোক্কোর রাবাতে ৭৩ মিনিট চাঁদ দৃশ্যমান থাকবে। এ সময় চাঁদের বয়স হবে ২৪–৩০ ঘণ্টার মধ্যে, যা খালি চোখে চাঁদ দেখার জন্য যথেষ্ট। আবহাওয়া স্পষ্ট থাকলে আরব বিশ্বের বড় অংশে চাঁদ দেখা সম্ভব হবে।
বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, যেখানে চাঁদ সূর্যাস্তের আগে অস্ত হয়ে যায়, সেখানে চাঁদ দেখা চেষ্টা করা কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নয়। এ সব বিষয় বিবেচনায়, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা ও ইসলামি আইনজ্ঞরা।
এসএসকে/

