পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক দুটি মামলায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার তিন সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীসহ মোট ২২ জনের রায় আগামীকাল সোমবার ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ রায় দেবেন।
এর আগে দুদকের করা আরও চারটি মামলার রায়ে শেখ হাসিনাকে ২৬ বছর, সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর, সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর, শেখ রেহানাকে সাত বছর এবং টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার পৃথক দুটি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে আজমিনা হক সিদ্দিক রূপন্তীসহ ১৬ জন এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ১৬ জনের বিরুদ্ধে দুদক দুটি মামলা করে। তদন্ত শেষে ওই বছরের ১০ মার্চ সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন উদ্দিনসহ ১৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করা হয়।
পরবর্তীতে একই বছরের ৩১ জুলাই অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। যুক্তিতর্ক শেষে গত ১৩ জানুয়ারি রূপন্তীসহ ১৮ জনের মামলার রায়ের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। এরপর ১৮ জানুয়ারি ববিসহ ১৮ জনের মামলার ক্ষেত্রেও রায়ের জন্য একই দিন নির্ধারণ করা হয়।
দুটি মামলার আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মোহাম্মদ সালাউদ্দিন উদ্দিন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন এবং সাবেক সদস্য মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.)।
এছাড়া রূপন্তীর মামলায় আরও আসামি হিসেবে রয়েছেন রাজউকের সাবেক পরিচালক কামরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহ ও সাবেক সদস্য মো. নুরুল ইসলাম। ববির মামলায় অন্য আসামিরা হলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম ও সাবেক সহকারী পরিচালক ফারিয়া সুলতানা।
আসামিদের মধ্যে মোহাম্মদ খুরশীদ আলম কারাগারে রয়েছেন। অন্যরা পলাতক বলে জানা গেছে।
এসএসকে/

