Logo

জাতীয়

নারী ‘অবমাননাকর’ মন্তব্যের প্রতিবাদ

জামায়াত আমিরের বিরুদ্ধে ঢাবি ও জবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৬

জামায়াত আমিরের বিরুদ্ধে ঢাবি ও জবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ

কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতের আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া ‘অবমাননাকর’ মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঝাড়ু মিছিলসহ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভকারীরা প্রকাশ্যে ক্ষমা না চাইলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার দুপুরে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করেন। মিছিলটি কলাভবন, রাজু ভাস্কর্য ও কেন্দ্রীয় মসজিদ প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা নারীদের নিয়ে করা মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে জামায়াত আমিরের প্রতি আহ্বান জানান।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা বলেন, নারীদের নিয়ে জামায়াতের দৃষ্টিভঙ্গি অবমাননাকর। অতীতেও বিভিন্ন ক্যাম্পাসে নারীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। নারীদের ঘরে বন্দী করার চেষ্টা সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।

ছাত্রদলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম বলেন, ভোটারদের বড় একটি অংশ নারী। সেখানে নারীদের অপমান করে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার নৈতিক অধিকার নেই।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াত আমির প্রকাশ্যে ক্ষমা না চাইলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে, রোববার দুপুরে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে একদল শিক্ষার্থী ঝাড়ু মিছিল বের করেন। এতে বিভিন্ন ছাত্রসংগঠনের নারী নেত্রীরা অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা সীমা আক্তার বলেন, নারীরা যখনই অধিকার নিয়ে কথা বলেন, তখনই অনলাইনে হয়রানির শিকার হন। তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা ভুয়া ও বট অ্যাকাউন্ট ব্যবহার করে নারীদের লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে।

বাংলাদেশ ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বড়ই বলেন, জামায়াত আমিরের মন্তব্যকে আইডি হ্যাকের অজুহাতে এড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই দাবির প্রমাণ জনসমক্ষে উপস্থাপন করতে হবে।

একই দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন। জবি ছাত্রদলের নারী নেত্রীরা এতে অংশ নেন। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল ছাত্রদলের সভাপতি ফারজানা আক্তার টুম্পা বলেন, দায়িত্বশীল পদে থেকে নারীদের নিয়ে অশালীন মন্তব্য গ্রহণযোগ্য নয়। এর তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে জামায়াত আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিজনক মন্তব্য করা হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছিল। এ বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে এবং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর