Logo

জাতীয়

জনতা ব্যাংকের ১৩৭ কোটি টাকা আত্মসাৎ, দুদকে সালমান এফ রহমানের জিজ্ঞাসাবাদ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮

জনতা ব্যাংকের ১৩৭ কোটি টাকা আত্মসাৎ, দুদকে সালমান এফ রহমানের জিজ্ঞাসাবাদ

সালমান এফ রহমান/ ফাইল ছবি

জনতা ব্যাংক থেকে প্রায় ১৩৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে দুদক হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

রোববার বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানান, তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

আবেদনে বলা হয়েছে, সালমান এফ রহমান ক্ষমতার অপব্যবহার করে ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামে একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও অ্যাকোমোডেশন বিল তৈরি করে ১৩৭ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই জালিয়াতিতে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, ভাই সোহেল এফ রহমান এবং সোহেলের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান। বর্তমানে ১৮টি মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছেন সালমান এফ রহমান।

উল্লেখ্য, সালমান এফ রহমান বর্তমানে ১৮টি মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছেন। গত বছরের ৩ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ। ২০২৪ সালের ১৩ আগস্ট পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এসএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর