ভোটের আগের ৪ দিন থাকবে নিবিড় টহল : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরণের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ভোটগ্রহণের আগের ৪ দিন মাঠ পর্যায়ে নিবিড় টহল পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন রাখতে ভোট পূর্ববর্তী ৪ দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিবিড়ভাবে টহল দিতে হবে। বিশেষ করে চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিভিন্ন বাহিনীর সমন্বয়ে এই টহল কার্যক্রম জোরদার করতে হবে।’
তিনি স্পষ্ট করে জানান, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রভাবিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না। কর্মকর্তাদের সামান্যতম ভুল বা বিচ্যুতি যাতে দেশের ভাবমূর্তি নষ্ট না করে সেদিকে সজাগ থাকতে হবে। সমন্বয়হীনতা, অবহেলা বা দায়িত্বে গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও তিনি জানান।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উপদেষ্টা জানান, এবার অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত ফোর্সের পাশাপাশি বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং ডগ স্কোয়াড থাকবে। এছাড়া ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’ ব্যবহারের মাধ্যমে দুষ্কৃতকারীদের যেকোনো তৎপরতা নজরদারিতে রাখা হবে।
নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে বেসামরিক প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনী, র্যাব, বিজিবি, আনসার-ভিডিপি ও কোস্টগার্ডের মধ্যে শক্তিশালী সমন্বয় ও তথ্য আদান-প্রদানের ওপর জোর দেন উপদেষ্টা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে এমন এক মানদণ্ড স্থাপিত হবে যা দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আইজিপি বাহারুল আলম, কোস্টগার্ড, আনসার ও বিজিবি’র মহাপরিচালকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএইচএস

