Logo

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আচরণবিধি ভাঙলে কাউকে ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৫

আচরণবিধি ভাঙলে কাউকে ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নির্বাচনে কাউকে আইন ভঙ্গ করতে দেওয়া যাবে না এবং বেআইনি কাজ করলে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে সততা, দক্ষতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘চিহ্নিত ও ফ্যাসিস্টদের দোসর হিসেবে পরিচিত কাউকে কোনো অবস্থাতেই নির্বাচনী দায়িত্বে রাখা যাবে না। যারা পূর্ববর্তী নির্বাচনসমূহে অনিয়মে জড়িত ছিল, দলকানা কিংবা বিতর্কিত, তাদের কোনোভাবেই এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা যাবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) কর্তৃক প্রস্তুতকৃত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’। এই অ্যাপের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কন্ট্রোল রুম যুক্ত থাকবে। তাৎক্ষণিকভাবে অভিযোগ গ্রহণ ও দ্রুত প্রতিকারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অ্যাপ ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।

ভোট দেওয়ার বুথসহ প্রতিটি ভোটকেন্দ্রকে স্বচ্ছ ও নির্বাচনের পরিবেশ উপযোগী করে প্রস্তুত রাখার নির্দেশ দিয়ে উপদেষ্টা বলেন, ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তা মসৃণ রাখা এবং ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং অতিরিক্ত আইজিপি মো. আকরাম হোসেন। সভায় স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর