সংসদ নির্বাচনে নিজ এলাকায় দায়িত্ব পাবেন না আনসার সদস্যরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৮
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি সদস্যদের নিজ এলাকার বাইরে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে এই বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) এই সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালককে (ডিজি) এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো আনসার ও ভিডিপি সদস্যকে তাঁর নিজ ইউনিয়নে পদায়ন করা যাবে না।
নির্বাচন কমিশন মনে করছে, নিজ এলাকায় দায়িত্ব পালন করলে স্থানীয় প্রভাব বা ব্যক্তিগত সম্পর্কের কারণে নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি থাকে। তাই স্বচ্ছ ও প্রভাবমুক্ত নির্বাচন উপহার দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এসআইবি/এমএইচএস

