Logo

জাতীয়

দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫

দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

ফাইল ছবি

ভোররাতে হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়ায়। ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে এর দূরত্ব প্রায় ১৭৫ কিলোমিটার।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। কেন্দ্রটি ছিল সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিখটার স্কেলে ৪.১ মাত্রার এই কম্পনটি ‘হালকা’ শ্রেণির। গভীরতা বেশি হওয়ায় কম্পনের তীব্রতা খুব বেশি ছিল না। 

তবে ভোররাতে সাতক্ষীরা ছাড়াও খুলনা, যশোর ও পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন স্থানে ঘনঘন মৃদু ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা নিয়ে ভূতাত্ত্বিক মহলে উদ্বেগ বাড়ছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর