Logo

জাতীয়

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৫

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তার সুযোগ নেই বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা আন্তরিকভাবে ও সমন্বিতভাবে কাজ করছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় বর্তমান নির্বাচনি পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনার সময় এসব কথা বলেন তিনি। সেনাপ্রধানের ভাষায়, ‘নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি জানান, নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন ও পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী একযোগে দায়িত্ব পালন করছে। 

‘আমাদের সবার লক্ষ্য একটাই— একটি সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা’ বলেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

নির্বাচনকে প্রভাবিত করতে অবৈধ আর্থিক লেনদেনের আশঙ্কার কথাও তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘বিকাশসহ বিভিন্ন মাধ্যমে বেআইনি ‘মানি ট্রানজেকশন’ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এসব কার্যক্রম ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।’

ভোটের দিন সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ‘কিছু দুর্বৃত্ত ব্যালট ছিনতাই, কারচুপি বা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। তবে এ ধরনের অপতৎপরতা কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধের ধরন অনুযায়ী প্রয়োজন হলে তাৎক্ষণিক আটক কিংবা মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সেনাপ্রধান সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর