সরকারের নির্বাচনী নিরাপত্তার বিষয়ে খোঁজ নিলেন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে অবহিত হয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, এদিন অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের গৃহীত প্রস্তুতি সম্পর্কে শোনেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সরাসরি আলোচনার মাধ্যমে এসব বিষয় তুলে ধরার সুযোগ করে দেওয়ায় তিনি সরকারের উদ্যোগের প্রশংসা করেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের সামনে থাকা বিভিন্ন নিরাপত্তা সংশ্লিষ্ট খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন মার্কিন রাষ্ট্রদূত।
এসএসকে/

