Logo

জাতীয়

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে : তারেক রহমান

Icon

অপূর্ব অসীম, ফরিদপুর

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০০

আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৩

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে : তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘জনগণের সমস্যার সমাধানে প্রয়োজন হলে ফরিদপুরকে আলাদা বিভাগ হিসেবে গঠন করতে বিএনপি কোনো দ্বিধা করবে না।’

তারেক রহমান বলেন, ‌‌‌‌‌‌‌‘আমরা শুনেছি, প্রত্যেক এলাকায় এত এত উন্নয়ন হয়েছে! তাহলে আপনাদের প্রার্থীরা এত সমস্যার কথা বলল কেন? বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকলেই কেবল দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগ (সাংগঠনিক) বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে ফরিদপুর স্টেডিয়াম মাঠে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে গাড়িবহরে সমাবেশস্থলে এসে দুপুর ২টা ৫৫ মিনিটে মঞ্চে ওঠেন। পরে দুপুর ৩টা ২১ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন।

তারেক রহমান বলেন, ‘জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারলেই দেশ এগিয়ে নেওয়া সম্ভব।’ আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করলে কীভাবে দেশ পরিচালনা করা হবে, সে বিষয়ে দলের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

ফরিদপুর অঞ্চলের সমস্যার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এই এলাকার অন্যতম বড় সমস্যা নদীভাঙন। কৃষিপ্রধান এই অঞ্চলে নদীভাঙন রোধ করা গেলে পাটসহ গুরুত্বপূর্ণ ফসল উৎপাদন বাড়বে এবং তা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে কৃষক কার্ড চালু করা হবে। এর মাধ্যমে কৃষকদের কাছে সহজে বীজ ও সার পৌঁছে দেওয়া হবে।’ একই সঙ্গে বেকারত্ব দূর করতে প্রতিটি এলাকায় স্থানীয় বৈশিষ্ট্য অনুযায়ী কলকারখানা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।’

নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, ‘নারীদের পেছনে রেখে দেশ এগোনো সম্ভব নয়। এজন্য খেটে খাওয়া ও দরিদ্র পরিবারগুলোর নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে, যাতে তারা রাষ্ট্রীয় সহায়তার আওতায় আসতে পারে।’

এসএসকে/এইচেক/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর