Logo

জাতীয়

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠপর্যায়ে পরিদর্শনে নৌবাহিনী প্রধান

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৮

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠপর্যায়ে পরিদর্শনে নৌবাহিনী প্রধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে মাঠপর্যায়ের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে মাঠপর্যায়ের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী বরগুনার দুইটি সংসদীয় আসন ও ছয়টি উপজেলাসহ দেশের উপকূলীয় অঞ্চলের ২৫টি উপজেলার ১৬টি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বরগুনা সফর করেন নৌবাহিনী প্রধান।

এদিন বেলা পৌনে ১২টার দিকে নৌবাহিনী প্রধানকে বহনকারী হেলিকপ্টার বরগুনা সার্কিট হাউজ মাঠে অবতরণ করে। পরে তিনি বরগুনা পুলিশ লাইন সংলগ্ন নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এরপর তিনি বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি, বরগুনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, র‍্যাব, কোস্ট গার্ড, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নৌবাহিনী প্রধান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সাধারণ জনগণ যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন নৌবাহিনী প্রধান। পাশাপাশি পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

খান নাঈম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নৌবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর