Logo

জাতীয়

ঘুষকাণ্ডে চাকরি হারালেন ইসির ২ কর্মকর্তা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৮

ঘুষকাণ্ডে চাকরি হারালেন ইসির ২ কর্মকর্তা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে গিয়ে ঘুষ গ্রহণ ও ঘুষ দাবির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ও অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত জারিকৃত পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

বরখাস্ত হওয়া এক কর্মকর্তা হলেন ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান। তিনি এনআইডির জন্মতারিখ সংশোধনের জন্য আবেদনকারীকে শুনানিতে ডেকে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে দর-কষাকষির মাধ্যমে ঘুষের পরিমাণ ১ লাখ ৭০ হাজার টাকা নির্ধারণ করেন বলে অভিযোগ প্রমাণিত হয়। ঘুষ না পাওয়ায় তিনি আবেদনটি বাতিল করেন বলেও অভিযোগ উঠে।

অভিযোগের অডিও রেকর্ড ফরেনসিক পরীক্ষায় তার কণ্ঠের সঙ্গে মিল পাওয়ায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ‘চাকরি হইতে বরখাস্তকরণ’ দণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, কুমিল্লায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে শুধাংশু কুমার সাহা এনআইডি সেবা দিতে অবৈধ অর্থ গ্রহণের সময় এক গণমাধ্যমকর্মীর ভিডিও ধারণে ধরা পড়েন। পরে ভিডিও প্রকাশ না করার শর্তে তিনি ওই গণমাধ্যমকর্মীকে ২৯ হাজার টাকা উৎকোচ দেন। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘চাকরি হইতে অপসারণ’ দণ্ড দেওয়া হয়, যা ৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

দুই কর্মকর্তার ক্ষেত্রেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণ এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। জনস্বার্থে এসব আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর