‘১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার’
সংবাদ সম্মেলনে প্রেসসচিব
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৯
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনের পর সবচেয়ে দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি বলেন, পুরো হ্যান্ডওভার প্রক্রিয়া তিন দিনের মধ্যেই শেষ হতে পারে এবং ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই দায়িত্ব হস্তান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মতে, এটি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রেসসচিব জানান, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে।
তিনি বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত নতুন সরকারে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না। নির্বাচন শেষ হওয়ার পর এমপিরা শপথ গ্রহণ করলেই তাদের প্রতিনিধিদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব শেষ করা হবে।
শফিকুল আলম বলেন, অতীতে দেশে নাটকীয়ভাবে যেসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটত, বর্তমানে তেমন কোনো ঘটনা ঘটছে না। যারা আগে এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল নির্বাচনকে সামনে রেখে দেশকে প্রস্তুত করা। রাষ্ট্রব্যবস্থায় সংস্কারের লক্ষ্যেই ‘জুলাই চার্টার’ তৈরি করা হয়েছে, যা এখন গণভোটে গিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ এর ফলাফল জানাবে বলে সরকার আশা করছে।
প্রেসসচিব বলেন, আগে বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রীয় সংস্কৃতি দুই-তিনজন ব্যক্তির হাতে কুক্ষিগত ছিল। এখন সেখানে বড় ধরনের পরিবর্তন এসেছে। সরকারের মেয়াদ শেষে, দায়িত্ব ছাড়ার আগমুহূর্তে উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করবেন বলেও জানান তিনি।
এসএসকে/

