Logo

জাতীয়

নির্বাচন ঘিরে ৬৫৭ বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৭

নির্বাচন ঘিরে ৬৫৭ বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরের সময়ের নির্বাচনি অপরাধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ৬৫৭ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ মনোনয়ন প্রদান করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠিয়েছে।

মনোনয়নপত্রে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের ৩০০টি সংসদীয় আসনে ভোট গ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোট গ্রহণের পরের দুই দিন— মোট পাঁচ দিন (১০ থেকে ১৪ ফেব্রুয়ারি) দায়িত্ব পালনের জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৬৫৭ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই ম্যাজিস্ট্রেটরা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী সংঘটিত নির্বাচনি অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তারা ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষমতা পাবেন।

এদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এর আগে গত ৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় সারাদেশে দায়িত্ব পালনের জন্য এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়। এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর