ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। নির্বাচনের বাকি আর মাত্র ছয় দিন থাকতেই এই বদলির আদেশ জারি করা হলো।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকেও ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে।
এ ছাড়া খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্য বদলিগুলোর মধ্যে রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে সুপারনিউমারারি পুলিশ সুপার (এসপি) সাহেব আলী পাঠানকে জিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে। রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডিতে এবং এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে রংপুর পিটিসিতে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং বর্তমানে সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি হওয়া মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার এন্টি টেররিজম ইউনিটে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

