সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০২
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া আর কোনো প্রস্তুতি বাকি নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এতো বড় পরিসরে ফোর্স মোতায়েন (ডিপ্লয়মেন্ট) এর আগে কখনো দেখা যায়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দেশের ১১৬টি সংসদীয় আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে। বাকি সব আসনে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যালট পেপার পৌঁছানো হবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আদালতের নির্দেশে শেষ মুহূর্তে কয়েকজন প্রার্থী প্রার্থিতা ফিরে পাওয়ায় কিছু আসনে ব্যালট পুনর্মুদ্রণ করতে হয়েছে। এ কারণে কিছুটা বিলম্ব হলেও নির্ধারিত সময়ের মধ্যেই সব কেন্দ্রে ব্যালট পৌঁছে দেওয়া হবে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নির্বাচনের আগে ও পরে মোট সাত দিন সেনাবাহিনী এবং আট দিন আনসার বাহিনী মাঠে থাকবে। পুলিশ ইতোমধ্যে মাঠে রয়েছে। এছাড়া নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা রক্ষায় ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সমসংখ্যক বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
সারাদেশের ৩০০ আসনে মোট ২ হাজার ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, যার মধ্যে বিএনপি সর্বোচ্চ ২৮৮ জন প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা আড়াই শতাধিক। তবে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করা হয়েছে।
সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী লড়ছেন ঢাকা-১২ আসনে এবং সবচেয়ে কম মাত্র ২ জন প্রার্থী রয়েছেন পিরোজপুর-১ আসনে।
ভোটার উপস্থিতি প্রসঙ্গে ইসি কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ধারণা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে ভোটের হার ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে। নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি দেশি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।
পোস্টাল ভোটের মাধ্যমে ভোটদানে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। ইতোমধ্যে ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন প্রবাসী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে ইসি নিশ্চিত করেছে।
এমএইচএস

