নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না: সিপিডি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২২
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক বলে মনে করছে না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি সতর্ক করে বলেছে, একটি বড় জনগোষ্ঠীর মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত ‘নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা : প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানায় গবেষণা সংস্থাটি।
অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘‘অধিকাংশ জরিপে ‘পতিত দলের’ ভোটারদের এবারের নির্বাচনে নির্ণায়ক ফ্যাক্টর হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা দিয়ে বোঝা যায় যে, একটি বৃহৎ অংশের ভোটারকে তাদের চাহিদামতো ভোট দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।’’
তিনি আরও বলেন, ভোটারদের একটি বড় অংশকে প্রক্রিয়ার বাইরে রাখা হলে তা নির্বাচনের সার্বিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
তবে রাজনৈতিক দলগুলোর ঘোষিত ইশতেহারের মান নিয়ে ইতিবাচক মত দিয়েছে সিপিডি। সংস্থাটি মনে করে, অতীতের তুলনায় এবার দলগুলোর ইশতেহারে অর্থনীতির গভীর সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা এবং সমাধানের বিষয়ে ভালো প্রতিশ্রুতি (better commitment) লক্ষ্য করা যাচ্ছে।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘আগের তুলনায় এবারের নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর ইশতেহারে ভালো প্রতিশ্রুতি রয়েছে। তারা অর্থনীতির অনেকটা ভেতরে ঢুকে সমস্যাগুলো বলার চেষ্টা করেছে। তবে কে ক্ষমতায় যাবেন জানি না, কিন্তু নির্বাচিত হয়ে তারা এগুলো বাস্তবায়নের সক্ষমতা রাখে কি না, সেই প্রশ্ন থেকেই যায়।’
ব্রিফিংয়ে টেকসই অর্থনীতি ও পরিবেশবান্ধব উন্নয়ন নিয়ে ভোটার ও প্রার্থীদের প্রত্যাশার বিষয়গুলোও তুলে ধরা হয়।
এমএইচএস

