‘এই সরকারের সময়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি হচ্ছে না’
সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
আশিক চৌধুরী জানান, রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি চিঠি এসেছে। ওই চিঠিতে এনসিটি ইজারা চুক্তি নিয়ে চলমান দর–কষাকষির অগ্রগতির প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ভবিষ্যতে এই আলোচনা আরও এগিয়ে যাবে এবং সঠিক পথে অগ্রসর হবে— এমন আশাবাদও জানিয়েছে তারা।
তিনি বলেন, ডিপি ওয়ার্ল্ড জানায়, শেয়ার করা খসড়া কনসেশন চুক্তি তারা গ্রহণ ও বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। তবে চুক্তিটি আরও গভীরভাবে পুনর্মূল্যায়নের জন্য তারা অতিরিক্ত সময় চেয়েছে।
এ প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক মেয়াদ আর মাত্র দুই কার্যদিবস। ডিপি ওয়ার্ল্ড সময় চাওয়ায় বিষয়টি বর্তমান সরকারের মেয়াদ পেরিয়ে নির্বাচন-পরবর্তী সময়ে গিয়ে আবার নেগোসিয়েশনের টেবিলে ফিরতে পারে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সরকারের সময়ে চুক্তি স্বাক্ষর হচ্ছে না— এটি নিশ্চিতভাবেই বলা যায়। কারণ নির্ধারিত সময়ের মধ্যে ডিপি ওয়ার্ল্ডের পুনরায় মতামত পাওয়া, এরপর তা ক্যাবিনেটে অনুমোদনের জন্য নেওয়া এবং চুক্তি সই করা— পুরো প্রক্রিয়াটি বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন।
আশিক চৌধুরী আরও জানান, নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগ প্রথম শুরু হয়েছিল ২০১৯ সালে। গত এক মাস ধরে প্রকল্পটির চূড়ান্ত ধাপের দর–কষাকষি চলছিল।
তিনি বলেন, সরকারের বিভিন্ন স্তরে বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ চলছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও দর–কষাকষি অব্যাহত থাকবে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছু সময় লাগতে পারে।
এসএসকে/

