ডিএনসিসি প্রশাসক এজাজকে সরিয়ে দিল সরকার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৮
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। তার পরিবর্তে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগকৃত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজের বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ নতুন দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন, তবে অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা পাবেন না।
উল্লেখ্য, গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
এমবি

