Logo

জাতীয়

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি সাবেক সেনাপ্রধান ইকবাল করিমের

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৭

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি সাবেক সেনাপ্রধান ইকবাল করিমের

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের বিরুদ্ধে গুম ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে সংস্থা দুটির বিলুপ্তি দাবি করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ডিজিএফআইয়ের হাতে সংঘটিত গুম-খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১– এ দেওয়া সাক্ষ্যে তিনি এই দাবি জানান।

সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, র‌্যাব অবিলম্বে বিলুপ্ত করা উচিত। তা সম্ভব না হলে র‌্যাবে নিয়োজিত সেনাসদস্যদের সামরিক বাহিনীতে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ডিজিএফআইকেও বিলুপ্ত করার দাবি করে বলেন, হত্যাকাণ্ড ও আয়নাঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পর সংস্থাটির টিকে থাকার বৈধতা নেই।

২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করা এই অবসরপ্রাপ্ত জেনারেল বলেন, শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে র‌্যাবের ভূমিকা সম্পর্কে তিনি ভয়াবহ তথ্য শুনেছেন। এসব কর্মকাণ্ড বন্ধে তিনি সেনাবাহিনীর ভেতরে সচেতনতা তৈরি ও র‌্যাবসহ বিভিন্ন বাহিনীতে অফিসার পোস্টিং বন্ধ করার উদ্যোগ নেন বলেও জানান।

তিনি বলেন, এ সিদ্ধান্তের কারণে তাকে রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখে পড়তে হলেও নৈতিক দায়বদ্ধতা থেকে তিনি অবস্থান বদলাননি। তার মতে, আত্মশুদ্ধির এই সুযোগ কাজে লাগালে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ন হবে না, বরং গৌরব আরও বাড়বে।

রোববার শুরু হওয়া তার সাক্ষ্য সোমবার শেষ হয়। আংশিক জেরা শেষে পরবর্তী শুনানির জন্য ট্রাইব্যুনাল আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর