Logo

জাতীয়

কারাগারে ১৩ হাজার ধর্মীয় বই দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়, নিয়োগ পাবেন শিক্ষক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৪

কারাগারে ১৩ হাজার ধর্মীয় বই দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়, নিয়োগ পাবেন শিক্ষক

বন্দিদের নৈতিক মূল্যবোধের উন্নয়ন ও সংশোধনের লক্ষ্যে দেশের কারাগারগুলোতে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিক মূল্যবোধকে উন্নত করে এবং মানুষকে সংশোধন করে সঠিক পথে নিয়ে যায়। তাই শুধু বই উপহার নয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি কারাগারে একজন করে স্থায়ী ধর্মীয় শিক্ষকও নিয়োগ দেওয়া হবে।’

সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে প্রতীকী হিসেবে কয়েকটি ধর্মীয় বই তুলে দেন। দুই উপদেষ্টার এই বৈঠকে কারাবন্দিদের মানসিক বিকাশ ও চারিত্রিক সংশোধনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, দ্রুতই এই বইগুলো দেশের বিভিন্ন কেন্দ্রীয় ও জেলা কারাগারে পৌঁছে দেওয়া হবে এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটিও শুরু হবে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর