ভোটকেন্দ্রে নারী ভোটারদের মুখ দেখানো বাধ্যতামূলক : ইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের পরিচয় যাচাইয়ের জন্য মুখ দেখানো বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভুয়া ভোট প্রতিরোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এই সিদ্ধান্তে কোনো শিথিলতা দেখানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন। তবে ধর্মীয় ও সামাজিক অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে পর্দানশিন নারীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসি সূত্রে জানানো হয়, প্রতিটি ভোটকেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা থাকবে। ভোট প্রদানের আগে তালিকার ছবির সঙ্গে ভোটারের চেহারা মিলিয়ে দেখা নির্বাচন পরিচালনা বিধির একটি বাধ্যতামূলক অংশ। পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে ব্যালট পেপার দেওয়া সম্ভব নয়।
পর্দানশিন নারী ভোটারদের সুবিধার্থে প্রতিটি ভোটকেন্দ্রে নারী পোলিং অফিসার ও নারী আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আইন অনুযায়ী পরিচয় যাচাই করতেই হবে। তবে কোনো নারী ভোটার পুরুষ কর্মকর্তার সামনে নেকাব বা বোরকা খুলতে অনিচ্ছুক হলে নারী পোলিং অফিসারের মাধ্যমে তার পরিচয় যাচাই করা হবে। এতে তাদের পর্দা বজায় থাকবে এবং ধর্মীয় অনুভূতিতেও আঘাত লাগবে না।’
তিনি আরও স্পষ্ট করেন, কোনো কেন্দ্রে যদি নারী কর্মকর্তা না থাকেন এবং কোনো নারী ভোটার মুখ দেখাতে অসম্মতি জানান, তবে তাকে ভোট দিতে বাধ্য করা হবে না। একই সঙ্গে ভোট না দেওয়ার কারণে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থাও নেওয়া যাবে না।
ইসি সংশ্লিষ্টরা জানান, যেহেতু এবারের নির্বাচনে কাগজের ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে, তাই ইভিএমের মতো আঙুলের ছাপ যাচাইয়ের সুযোগ নেই। ফলে ছবিসহ ভোটার তালিকার সঙ্গে চেহারা মিলিয়ে দেখাই পরিচয় নিশ্চিত করার প্রধান উপায়।
উল্লেখ্য, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন নারী ভোটারদের পরিচয় যাচাই নিশ্চিত করতে ভোটকেন্দ্রে মুখমণ্ডল খুলে শনাক্তকরণ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছিলেন। কমিশনের এই সিদ্ধান্ত সেই দাবিরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

